আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গাজীপুরে অস্ত্রসহ গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে জেলা পুলিশ। জেলার শ্রীপুর উপজেলার আনসার রোড এলাকা থেকে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মাদারীপুর জেলার শিবচর থানার সাবের আলী বেপারীকান্দি গ্রামের মো:সুরুজ হাওলাদার (৩৮), দামু চৌকদারকান্দি এলাকার মোশারফ হোসেন ওরফে মিলন চৌকিদার (৪০), একই জেলার কালকিনী থানার মিনাজদী হাওলাদার বাড়ি এলাকার বারেক হাওলাদার (৫৫), কাশিমপুর এলাকার মো: মোস্তফা (৪৫), মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার দক্ষিণ মান্দ্রা এলাকার মো. মনিরুজ্জামান (৩৩), গাজীপুর মহানগরের মেট্রোপলিটন বাসন থানার মাহবুব মিয়া (৩০) এবং বি.বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার দুর্গাপুর এলাকার মো: সাজু (২৩)। 

শনিবার দুপুরে গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড মোড় এলাকার মাথায় কতিপয় সশস্ত্র ডাকাত সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পায় পুলিশ। পরে শুক্রবার রাতে পুলিশ ওই এলাকায় অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পিকআপযোগে পালিয়ে যাওয়ার সময় পথে ব্যারিকেড দিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহূত পিকআপ, তালা কাটার যন্ত্র, চাকু, দা, চাইনিজ কুড়াল এবং সুচালো মাথার রড জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের নামে মাদারীপুরের কালকিনী থানা, ডাসার থানা এবং ঢাকার রূপনগর, আদাবর, মোহাম্মদপুর ও কেরানীগঞ্জ থানায় ডাকাতির মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল শেখ, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মাহবুবুর রহমান, মামলার বাদী শ্রীপুর থানার এসআই মো. শহীদুল ইসলাম মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।