পশ্চিমবঙ্গে গুলি করে তৃণমূল বিধায়ককে হত্যা

বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় ভরা সভায় গুলি করে খুন করা হল তৃণমূল কংগ্রেসের বিধায়ক সত্যজিত্ বিশ্বাসকে (‌৩৮)‌। গতকাল শনিবার রাতে নিজের কেন্দ্রের ফুলবাড়িতে সরস্বতী পুজার অনুষ্ঠান শেষে মঞ্চ থেকে নেমে আসতেই একদল দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে এলোপাতাড়ি গুলি করে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়। বিহার ও উত্তরপ্রদেশে এভাবে জনপ্রতিনিধি খুনের ঘটনা ঘটলেও পশ্চিমবঙ্গে এই প্রথম। পুলিশ জানিয়েছে, রীতিমতো পরিকল্পনা করেই এই খুন। প্রাথমিক তদন্তে অনুমান, জনতার মাঝেই লুকিয়েছিল হামলাকারীরা। তৃণমূল জেলা কংগ্রেস সভাপতি গৌরিশঙ্কর দত্ত অভিযোগ করেন, বিজেপির নির্দেশেই সত্যজিেক খুন করা হয়েছে। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, এই ঘটনার প্রকৃত সত্য উদঘাটিত হোক। দলের পক্ষ থেকে তিনি ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছেন।