আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জেপি) এমপি প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়েছে। গতকাল শনিবার অপরাহ্নে ঢাকাস্থ লালমাটিয়ায় জাতীয় পার্টি-জেপি’র কেন্দ্রীয় কার্যালয়ে দলের পার্লামেন্টারি বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন দলের পার্লামেন্টারি বোর্ডের সভাপতি, জেপি’র চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি।
সভায় উপস্থিত ছিলেন জেপি’র পার্লামেন্টারি বোর্ডের সদস্য সচিব, দলের সাধারণ সম্পাদক এবং সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম, বোর্ডের সদস্য ও দলের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহিম, এ.এইচ সালাহ উদ্দিন মাহমুদ, মফিজুল হক বেবু, আবু সাঈদ খান, এজাজ আহমেদ মুক্তা, মোঃ রুহুল আমিন এমপি ও নির্বাহী সম্পাদক সাদেক সিদ্দিকী। সভায় জাতীয় পার্টি-জেপি’র মনোনয়নের জন্য যে সকল আবেদনপত্র জমা হয়েছিল তা বিশ্লেষণ করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। সভায় এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয় যে, এই তালিকা নিয়ে ১৪ দলীয় জোটের সঙ্গে আলোচনাক্রমে জাতীয় পার্টি-জেপি’র প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। গতকালের বৈঠকে দাপ্তরিক কাজে উপস্থিত ছিলেন জেপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক এম. সালাহউদ্দিন আহমেদ। প্রসঙ্গত, জাতীয় পার্টি (জেপি) আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় নির্বাচনী জোটভুক্ত অন্যতম রাজনৈতিক দল।