উত্তর সিটির মেয়র পদ থেকে সরে দাঁড়ালেন ববি হাজ্জাজ

নির্বাচন কমিশনে নতুন নিবন্ধিত দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর ববি হাজ্জাজ ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)-এর মেয়র পদের উপ-নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এ অবস্থায় এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা কমে পাঁচজনে দাঁড়ালো। এরা হচ্ছেন- আওয়ামী লীগের মনোনয়নে তৈরি পোশাক খাতের কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ’র সাবেক সভাপতি মো. আতিকুল ইসলাম, জাতীয় পার্টি-জাপা মনোনয়নে মাইলস ব্যান্ডের জনপ্রিয় শিল্পী শাফিন আহমেদ, প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) থেকে শাহিন খান, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আনিসুর রহমান দেওয়ান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে থাকছেন নর্থ সাউথ প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান মো. আব্দুর রহিম।

ববি হাজ্জাজ গত ৩০ জানুয়ারি মনোনয়নপত্র জমা দেন এবং ওই দিনই আদালতের নির্দেশ মেনে নির্বাচন কমিশন দলটিকে ‘সিংহ’ প্রতীক বরাদ্দসহ নিবন্ধন দিয়ে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে। এর ফলে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়ায় ৪০টি।

ডিএনসিসির রিটার্নিং অফিসার নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব (চলতি দায়িত্বে) আবুল কাশেম বলেন, গতকাল শনিবার শেষ দিনে মেয়র পদের প্রার্থিতা থেকে ববি হাজ্জাজ তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদের উপ-নির্বাচনে দুই জন প্রার্থীর মধ্যে একজন সরে দাঁড়িয়েছেন। এর ফলে ওই ওয়ার্ডের একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। অন্য ১৯টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ৪০ জন এবং নারীদের জন্য সংরক্ষিত ৬টি ওয়ার্ডের  প্রার্থীদের মধ্যে ১ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এ অবস্থায় সাধারণ ওয়ার্ডে ১২৪ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)-এর নতুন ১৮টি সাধারণ ওয়ার্ডে ও নারীদের জন্য সংশ্লিষ্ট ৬টি ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনের রিটার্নিং অফিসার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা  রকিবউদ্দীন মন্ডল জানান, তার নির্বাচনী এলাকায় মোট ২৫ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এর মধ্যে সংরক্ষিত আসনে একজন এবং সাধারণ আসনে ২৪ প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। তবে এর ফলে কোনো ওয়ার্ডে একক প্রার্থিতার ঘটনা ঘটেনি। ওয়ার্ডগুলোর মধ্যে ৫৯ নম্বর ওয়ার্ডে সর্বোচ্চ ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।