উপজেলা পরিষদ নির্বাচন

পদে বহাল থেকে প্রার্থিতার বিষয়ে ইসির সিদ্ধান্ত আজ

উপজেলা পরিষদ নির্বাচনে পরিষদের বর্তমান চেয়ারম্যান, পুরুষ ও নারী ভাইস চেয়ারম্যানরা প্রার্থী হতে চাইলে পদত্যাগ করতে হবে কিনা- সে বিষয়ে আজ রবিবার সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। গত ৩ ফেব্রুয়ারি উপজেলা পরিষদের প্রথম ধাপের তফসিল ঘোষণার সময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান বলেছিলেন, উপজেলা আইনের ৮(২) ধারা মতে, জাতীয় সংসদের সদস্য বা অন্য কোনো স্থানীয় কর্তৃপক্ষের চেয়ারম্যান বা সদস্য হলে কোনো ব্যক্তি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের কোনোটিতেই প্রার্থী হওয়ার যোগ্য হবেন না। অন্যদিকে উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালার ২৬ বিধিতে পদে বহাল থেকে প্রার্থী হলে কী ধরনের আচরণ বিধি তাদের জন্য প্রযোজ্য তা বলা আছে। এ নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে রয়েছে কমিশন। এছাড়া সম্প্রতি অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা প্রার্থী হতে পারেননি।

এদিকে উপজেলা পরিষদ নির্বাচনের সব পদের প্রার্থীদের মনোনয়নপত্রের সাথে ট্যাক্স আইডেন্টিফিকেশন্স নম্বর (টিআইএন)-সহ আয়কর রিটার্নের রশিদ দাখিল করতে হবে কিনা সে বিষয়ে নির্বাচন কমিশন কোনো নির্দেশনা এখন পর্যন্ত জারি করেনি। কমিশনের আজকের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হবে না বলে আভাস মিলেছে।

ইসি সচিবালয়ের একজন কর্মকর্তা জানান, জাতীয় সংসদের সদস্য পদে নির্বাচনের জন্য প্রার্থীদের আয়কর দাতা হওয়া বাধ্যতামূলক না হলেও বর্তমানে উপজেলা পরিষদ নির্বাচনে তা আইনত বাধ্যতামূলক। এ বিষয়ে নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমেদ বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বর্তমান নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ বা সংসদ নির্বাচনের আইন সংস্কার করে প্রার্থীদের কর পরিশোধের সনদ জমা দেওয়া বাধ্যতামূলক করতে চেয়েছিল। কিন্তু নির্বাচন কমিশনের এ সংক্রান্ত প্রস্তাবটি গত বছর ২৯ অক্টোবর মন্ত্রী পরিষদে নাকচ হয়ে যায়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বলা হয় যে দেশের অনেক কৃষকও নির্বাচনে অংশ নেন। তারা আয়করের বাইরে রয়েছেন। তাই নির্বাচনে সকলের সুযোগ নিশ্চিত করতে আয়কর রিটার্ন দেওয়ার বিষয়টি বাধ্যতামূলক করা যাবে না। কিন্তু উপজেলা পরিষদ নির্বাচনে এটা বাধ্যতামূলক করা আছে। হলফনামার সাথে আয়কর রিটার্ন জমা না দিতে হলেও মনোনয়নপত্রের সাথে জমা দিতে হতে পারে।

পদে বহাল থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানরা প্রার্থী হতে পারবেন কিনা- এ প্রশ্নে তিনি বলেন, নির্বাচন কমিশন এ বিষয়ে আজ সিদ্ধান্ত নেবেন।