সাংবাদিক জামাল খাশোগি হত্যাকান্ডের বিষয়ে তথ্য জানাতে কংগ্রেসের আল্টিমেটাম প্রত্যাখান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন কিনা সেই বিষয়টি জানাতে শুক্রবার পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিল কংগ্রেস। খবর বিবিসি ও আল-জাজিরা’র
হোয়াইট হাউস জানিয়েছে, কংগ্রেসের এই ধরনের আল্টিমেটাম প্রত্যাখান করার অধিকার প্রেসিডেন্ট ট্রাম্পের আছে। যুবরাজ বিন সালমান খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন এমন তথ্য হোয়াইট হাউস বিশ্বাস করে কিনা তা জানাতে শুক্রবার পর্যন্ত সময় বেধে দিয়েছিলেন সিনেটররা। কিন্তু ট্রাম্প প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, এই ধরনের আল্টিমেটাম গ্রহণযোগ্য নয়। আর সময়সীমা শুক্রবারই শেষ হয়েছে। গত বছরের ১০ অক্টোবর সিনেটরদের একটি নিরপেক্ষ গ্রুপ গ্লোবাল ম্যাগনেটস্কি অ্যাক্ট আনেন। এতে বলা হয়, খাশোগি হত্যায় কোনো বিদেশি শক্তি জড়িত কিনা সেই বিষয়টি ১২০ দিনের মধ্যে ট্রাম্প প্রশাসনকে জানাতে হবে। কিন্তু শুক্রবার পর্যন্ত হোয়াইট হাউস কোনো রিপোর্ট প্রকাশ করেনি।
গত ২ অক্টোবর তুরস্কের সৌদি কনস্যুলেটে ওয়াশিংটন পোস্টের কলামিস্ট খাশোগিকে হত্যা করা হয়। তার মৃতদেহ এখনো পাওয়া যায়নি। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ খাশোগিকে হত্যায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জড়িত থাকার কথা বললেও সৌদি সরকার অস্বীকার করে আসছে। খাশোগি হত্যায় জড়িত থাকার অভিযোগে সৌদি আরবের ১৭ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এদের মধ্যে যুবরাজের ঘনিষ্ট দুইজন সহযোগীও আছেন।