ইত্তেফাক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পরমাণু অস্ত্র নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে। তিনি জানান, চলতি মাসে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার দ্বিতীয় শীর্ষ বৈঠক হবে। খবর রয়টার্সের
প্রেসিডেন্ট ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার এক টুইটার বার্তায় জানান, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি উত্তর কোরিয়া ত্যাগ করেছেন। উত্তর কোরিয়ার প্রতিনিধিদের সঙ্গে তার ভাল আলোচনায় হয়েছে। সেখানে কিম জং উনের সঙ্গে আমার বৈঠকের তারিখ ও স্থান নির্ধারিত হয়েছে। আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি ভিয়েতনামের হ্যানয়ে আমাদের দ্বিতীয় শীর্ষ বৈঠক হবে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি আলোচনায় অগ্রগতির মাধ্যমে শান্তি দেখতে চাই। গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প ভিয়েতনামে বৈঠক হবার কথা ঘোষণা করেছিলেন। কিন্তু কোন শহরে হবে সেটি জানাননি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, উত্তর কোরিয়া বিষয়ক মার্কিন প্রতিনিধি স্টিফেন বিয়েগান গত তিন দিন ধরে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা করেছেন। দুই দেশের প্রতিনিধিরা আরো আলোচনার ব্যাপারে সম্মত হয়েছেন।