শুরুর ধাক্কা সামলাল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

আগের দুই টেস্টের যে ভয়াবহ বিপর্যয় তার রেশটা ছিল এবারো। শুরুতে নড়বড়ে ব্যাটিংটাকে অবশ্য শেষ অবধি স্থায়ী হতে দেয়নি ইংল্যান্ড। শুরুর ধাক্কা সামলে দলকে সন্তোষজনক অবস্থানে নিয়ে গেছেন জশ বাটলার ও বেন স্টোকস। ফলে, চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে এই প্রথম মন মত একটা দিন কাটাতে পারলো সফরকারী ইংলিশ দল।

তৃতীয় টেস্টের প্রথম দিন শেষে চার উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২৩১ রান। আলোক স্বল্পতার কারণে দিনের খেলা শেষ হওয়ার নির্ধারিত সময়ের সাত ওভার আগেই আম্পায়াররা ‘স্টাম্পস’ ঘোষণা করে দিতে বাধ্য হন।

 সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বোলিং নেয় ওয়েস্ট ইন্ডিজ। এক টেস্টের নিষেধাজ্ঞায় থাকা জেসন হোল্ডারের অনুপস্থিতিতে অধিনায়ক হিসেবে খেলতে নামা ক্রেইগ ব্রেথওয়াইটের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে মাত্র ৬৯ রানের মধ্যে তিনজন ইংলিশ ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে দেন ক্যারিবিয় বোলাররা।

এরপর ১০৭ রানের মাথায় চতুর্থ উইকেটের পতন হয়। ব্যর্থ হয় ইংল্যান্ডের টপ অর্ডার। দুই ওপেনার ররি বার্নস ও কিটন জেনিংস যথাক্রমে ২৯ ও ৮ রান করেন। এরপরের দুই ব্যাটসম্যান জো ডেনলি ও অধিনায়ক জো রুটও যথাক্রমে ২০ এবং ১৫’র বেশি রান তুলতে পারেননি।

সেই অবস্থায় জুটি বাঁধেন জশ বাটলার ও বেন স্টোকস। পঞ্চম উইকেটের অবিচ্ছিন্ন জুটিতে এই দুই ব্যাটসম্যান মিলে যোগ করেন ১২৪ রান। নয়টি চারের সৌজন্যে বাটলার ৬৭ রান করেছেন। অন্যদিকে স্টোকস করেন ৬২ রান। ইনিংসে ছিল ছয়টি চার।

দ্বিতীয় দিনে এই জুটি সফরকারীদের আরো কতদূর এগিয়ে নিয়ে যায় এখন সেটাই দেখার ব্যাপার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ডানহাতি পেসার কিমো পল নিয়েছেন সর্বোচ্চ দু’টি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

টস: ওয়েস্ট ইন্ডিজ

ইংল্যান্ড প্রথম ইনিংস: ৮৩ ওভারে ২৩১/৪ (বার্নস ২৯, জেনিংস ৮, ডেনলি ২০, রুট ১৫, বাটলার ৬৭*, স্টোকস ৬২*; গ্যাবিয়েল ১/৪৪, জোসেফ ১/৫৬, পল ২/৪২)