স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
শোভনীয়া ক্লাব ও কর্ণফুলী স্পোর্টিং ক্লাব চট্টগ্রামে অনুষ্ঠানরত এলিট পেইন্ট রাবেয়া সিরাজ কিশোর ফুটবলের ফাইনালে উঠেছে। গতকাল রবিবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দু’টি সেমি ফাইনালের মধ্যে দিনের প্রথম সেমিফাইনালে সাকিবুলের হ্যাটট্রিকে শোভনীয়া ক্লাব ৬-০ গোলে আগ্রাবাদ নওজোয়ান ক্লাবকে পরাজিত করে। দলের হয়ে অপর গোলগুলো করেন তৌহিদ ২টি, আলী মর্তুজা ১টি।
একই ভেন্যুতে দিনের অপর সেমি ফাইনালে কর্ণফুলী ক্লাব ৩-২ গোলে আবাহনী লিমিটেডকে বিধ্বস্ত করে। দ্বিতীয় মিনিটে সম্রাটের গোলে এগিয়ে যায় কর্ণফুলী ক্লাব। সপ্তম মিনিটে আবাহনীকে সমতায় ফেরান সুখময় দাশ। ৩৯ মিনিটে মাঈনুলের গোলে কর্ণফুলী আবারো এগিয়ে যায় । ৪৭ মিনিটে হাসানের গোলে আবারো সমতায় ফেরে আবাহনী। অবশেষে ৭৪ মিনিটে শুক্কুরের গোলে জয় নিশ্চিত হয় কর্ণফুলী ক্লাবের।