লেবাননের তেল সংকট কাটাতে ইরান থেকে তেল আমদানি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে লেবাননের সাবভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) এখবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, মিকাতি বলেছেন, 'লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন আমাকে দুঃখ দিয়েছে।' তিনি লেবাননের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা নিয়েও কথা বলেন।
মিকাতি জানিয়েছেন, ইরানি তেল লেবাননে আসায় দেশটির ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপিত হবে- এমনটা নিয়ে তিনি উদ্বিগ্ন নন। কারণ এই তেল আমদানির সঙ্গে লেবাননের সরকার যুক্ত নয়।
এদিকে লেবানন এবং কুয়েত ভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা লেবাননের শিয়া গোষ্ঠী হিজবুল্লাহ ও ইরানের কুদস ফোর্সকে অর্থ সহায়তা দেয় বলে অভিযোগ। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নিষেধাজ্ঞা আরোপ করা ব্যক্তিদের বিষয়ে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ বলেছে, এ ব্যবস্থা ব্যবসায়ী মোর্তেজা মিনায়ে হাশেমির জন্য প্রযোজ্য। তিনি চীনে বসবাস করেন এবং ইরানের কুদস ফোর্সকে টাকা দেন।
ইত্তেফাক/এসএ