স্পোর্টস রিপোর্টার
চট্টগ্রামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম চারদিনের ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গতকাল ম্যাচের চতুর্থ ও শেষ দিনে ইংল্যান্ডকে আট উইকেটে পরাজিত করেছে বাংলাদেশের যুবারা। এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা। একই ভেন্যুতে আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচ। এর আগে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজেও ইংল্যান্ডের বিরুদ্ধে জিতেছিল আকবর আলীর দল।
ইংল্যান্ডের ২৮০ রানের জবাবে নয় উইকেটে ৩৯৮ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ইংলিশদের সংগ্রহ ছিল ছয় উইকেটে ৮৯ রান। গতকাল শেষ চার উইকেটে আরও ৬৩ রান যোগ করে সফরকারীরা। ১৫২ রানে অলআউট ইংল্যান্ড যুব দল। জর্জ হিল ৩২, হলম্যান ২৯ রান করেন। বাংলাদেশের মিনহাজুর রহমান ২৮ রানে ছয়টি, আসাদুউল্লাহ গালিব তিনটি, শাহাদাত একটি করে উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ৩৫ রান। ১০ ওভারে দুই উইকেটে ৪০ রান তুলে ম্যাচ জিতে নেয় টাইগার জুনিয়ররা। শামীম হোসেন অপরাজিত ২০, পারভেজ হোসেন অপরাজিত ৬, অমিত হাসান ১০ রান করেন। বাংলাদেশের বাঁহাতি স্পিনার মিনহাজুর রহমান ম্যাচ সেরা হন।