গাজীপুর মহানগরের ৩৭নং ওয়ার্ডের কুনিয়াপাছর এলাকা থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিলি (২০) ঢাকার সাভারের চা-দোকানী আনোয়ার হোসেনের মেয়ে।
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইসমাইল হোসেন জানান, কুষ্টিয়া জেলার কান্তিনগরের বলদা এলাকার মো. রাজ্জাক মণ্ডলের ছেলে উজ্জল মণ্ডল ৪ মাস আগে সাভারের চা-দোকানী আনোয়ার হোসেনের মেয়ে মিলি আক্তারকে বিয়ে করে। স্বামী-স্ত্রী দুই মাস আগে গাজীপুর সিটি কর্পোরেশনের কুনিয়াপাছর এলাকায় বাসা ভাড়া নেয়। উজ্জল স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি নেয়। শুক্রবার রাতে পার্শ্ববর্তী ভাড়াটেরা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে মিলির ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে এলাকাবাসী উজ্জলকে আটক করে থানায় খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে মিলির লাশ উদ্ধার করে এবং উজ্জলকে আটক করে থানায় নিয়ে যায়।
তিনি আরো জানান, নিহত মিলি আক্তারের পরিবারের অভিযোগ বিয়ের পর থেকেই উজ্জল মিলিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। উজ্জলকে কোর্টে প্রেরণ করা হয়েছে।