ডিসেম্বর-জানুয়ারির মধ্যেই চূড়ান্ত হবে ড্যাপ —এলজিআরডি মন্ত্রী

ইত্তেফাক রিপোর্ট

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, আগামী ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে ডিটেইল্ড এরিয়া প্ল্যান-ড্যাপ চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করা হবে। গতকাল স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত ডিটেইল্ড এরিয়া প্ল্যান-ড্যাপ-এর উল্লেখিত ভূমি ব্যবহারের শ্রেণি পরিবর্তন সংক্রান্ত আবেদনসমূহ যাচাই বাছাই পূর্বক মন্ত্রিসভা কমিটির কাছে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত কারিগরি কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

স্থানীয় সরকার মন্ত্রী ও ড্যাপ বাস্তবায়ন রিভিউ কমিটির আহ্বায়ক জানান, ‘ড্যাপ চূড়ান্ত করার লক্ষ্যে ইতিমধ্যে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে সভা করে তাদের মতামত ও পরামর্শ নেওয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বর অথবা জানুয়ারির মধ্যেই ড্যাপ চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করা হবে।’

মন্ত্রী বলেন, ঢাকা শহরে সঠিক পরিকল্পনা ছাড়া এবং বিধি বহির্ভূতভাবে অনেক অবকাঠামো নির্মাণ হয়েছে, যা রাজধানীর সৌন্দর্য মলিন করে দিয়েছে। কোনো অবস্থাতেই এসব আর করতে দেওয়া যাবে না। নকশা এবং বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করতে হবে । ভবন নির্মাণে প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের সবচেয়ে বেশি সচেতন হয়ে ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি। সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান এবং ড্যাপের প্রকল্প পরিচালক আশরাফুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।