সাপ্তাহিক দর হারানোর শীর্ষে ওয়ালটন

ইত্তেফাক রিপোর্ট

গত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৮২টির বা ৭৪ দশমিক ৬০ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গত সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ওয়ালটনের শেয়ারের ক্লোজিং দর ছিল ১ হাজার ৪৪৭ দশমিক ৪০ টাকায়। আর বিদায়ি সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১ হাজার ২০৬ দশমিক ৪০ টাকায়। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ২৪১ টাকা বা ১৬ দশমিক ৬৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে ওয়ালটন ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সাফকো স্পিনিংয়ের ১৫ দশমিক ৯৭ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ১৫ দশমিক ৪৮ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইনসিওরেন্সের ১৩ দশমিক ৫৯ শতাংশ, কেয়ার ১৩ দশমিক ৪০ শতাংশ, সুহূদের ১১ দশমিক ২৪ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজের ১১ শতাংশ, দুলামিয়া কটনের ১০ দশমিক ৯৯ শতাংশ, ইস্টার্ন ইনসিওরেন্সের ৯ দশমিক ৯৫ শতাংশ এবং সেন্ট্রাল ফার্মার শেয়ার দর ৯ দশমিক ৭৪ শতাংশ কমেছে।