বহুল প্রতীক্ষিত হকির দলবদল শুরু আজ

মাঠের বাইরে বিশৃঙ্খলা

 স্পোর্টস রিপোর্টার

বিশৃঙ্খলার মধ্যেই ২০১৮ সালে প্রিমিয়ার লিগ শেষ হয়েছিল। শাস্তি, জরিমানা কত কিছুই না ঘটেছিল সেবার। এরপর আর মাঠে হকি গড়ায়নি। প্রায় তিন বছর প্রিমিয়ার হকি বন্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাকা দিয়েছেন লিগের খেলা শুরু করার জন্য। ক্লাবগুলোকে অর্থ বণ্টনও করা হয়েছে। আজ হতে খেলোয়াড় দলবদল শুরু। ঠিক এই সময় হকি অঙ্গনে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। মেরিনার ইয়াংসের বিরুদ্ধে অভিযোগ করেছে মোহামেডান। পালটা অভিযোগ  মেরিনারের। দুই দলের সংবাদ সম্মেলনে পরস্পর অভিযোগের তীর।

সোনালী ব্যাংকের খেলোয়াড় প্রিন্স লাল এবং সারোয়ার মুর্শেদ শাওনকে নিতে দুই দলের মধ্যে বিরোধ। মোহামেডানের দাবি এই খেলোয়াড় তাদের। প্রিন্স লাল এবং শাওনকে মোহামেডান নিয়েছে। আর মেরিনারের দাবি এরা তাদের খেলোয়াড়। শুক্রবার রাতে মেরিনারের লোকজন মোহামেডান টেন্ট হতে খেলোয়াড় তুলে নিয়ে আসে। মোহামেডানের দাবি তাদের ক্লাবে তাণ্ডব চালায়। খেলোয়াড়দের খাবার ঘর, আবাসন কক্ষ ভাঙচুর করা হয়েছে। শাওন এবং প্রিন্স লাল আত্মরক্ষার জন্য ক্লাবের টিনের চালে উঠে আশ্রয় নিয়েছিল। সেখান থেকে নামিয়ে আনেন মেরিনারের লোকজন। পরে খেলোয়াড়দের ফেরতও দেওয়া হয়েছে মোহামেডানে। মোহামেডান গতকাল বিকালে সংবাদ সম্মেলনে দাবি করে শাওনকে অপহরণ করা হয়েছিল। থানার পুলিশ শাওনকে জিজ্ঞেস করলে সে মোহামেডান খেলবে বলে জানায় এবং শাওন এখন মোহামেডানে আছে ক্লাবের কর্মকর্তারা দাবি করেন। দুই খেলোয়াড় নিয়ে টানাটানির ঘটনা থানা পুলিশ পর্যন্ত গড়িয়েছে। মোহামেডানের হকি কমিটির চেয়ারম্যান মঞ্জুর আলম জানিয়েছেন আমাদের কাছে সিসিটিভির ফুটেজ আছে। কে কি করেছেন তা আমরা দেখালে মুখ থাকবে না। তিনি বলেন, ‘আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি। খেলোয়াড় নিয়ে টানাটানি থাকতেই পারে। কিন্তু ক্লাবে আক্রমণ বরদাস্ত করা হবে না।’ গতকাল বিকাল পর্যন্ত মোহামেডান যাদের নাম জানিয়েছে তারা হলেন রাসেল মাহমুদ জিমি, রাকিন, পিন্টু, অজিত, গোলকিপার আমিনুল, আশরাফুল, গোলকিপার অসীম গোপ, সারোয়ার, কৌশিক, আজিজার, প্রিন্স লাল, শাওন, বন্ধন।