সিরিজ না হওয়ায় বড় ক্ষতির মুখে পিসিবি

স্পোর্টস ডেস্ক

নিরাপত্তা হুমকির কারণ দেখিয়ে ১৮ বছর পর কোনো ম্যাচ না খেলেই পাকিস্তান ছেড়েছে নিউজিল্যান্ড। তাতে আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানি পত্রিকা দ্য ডনকে এমনটাই বলেছেন পিসিবির এক কর্মকর্তা।

২০০৯ সালে লাহোর হামলার পর আন্তর্জাতিক ক্রিকেট ছয় বছর নির্বাসিত ছিল পাকিস্তানে। সাম্প্রতিক সময়ে নিয়মিত দেশটিতে সফর করছিল টেস্ট খেলুড়ে দলগুলো। কিন্তু নিউজিল্যান্ডের এমন না খেলে চলে যাওয়াটা আবারও পাকিস্তানকে নিয়ে যেতে পারে সেই অন্ধকার যুগে। 

দ্য ডনকে পিসিবির সেই কর্মকর্তা বলেন, ‘নিরাপত্তার ক্ষতি ছাড়াও, বড় ধাক্কা পিসিবি, সরকার ও নিরাপত্তা সংস্থার জন্য যারা পাকিস্তানে পুরোপুরিভাবে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আইসিসি এই ব্যাপারে কিছুই করেনি। যেহেতু আইসিসিতে ভারতের লবিং খুব শক্তিশালী, তাই নিউজিল্যান্ডের বিপক্ষে ক্ষতিপূরণের কোনো মামলায় জেতা সহজ হবে না পাকিস্তানের জন্য।’ 

আগামী অক্টোবরে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার কথা রয়েছে ইংল্যান্ড পুরুষ ও মহিলা দলের। কিন্তু নিউজিল্যান্ডের কারণে সেই সিরিজ এখন ঝুলে আছে। শঙ্কা আছে ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়া সিরিজ নিয়েও। পিসিবি কর্মকর্তা বলেন, ‘ইংল্যান্ড এখন সফর করবে কি না, সে ব্যাপারেও খুব একটা জোর দিয়ে বলা যাচ্ছে না।’