‘নভেরার ভাস্কর্যে পূর্ব-পশ্চিমের মেলবন্ধন ঘটেছে’

ইত্তেফাক রিপোর্ট

দেশের আধুনিক ভাস্কর্যের অগ্রদূত ভাস্কর নভেরা আহমেদ। নভেরাকে নিয়ে ‘নভেরা’ শিরোনামে বই লিখেছেন শিকোয়া নাজনীন। বইতে নভেরা আহমেদের বর্ণময় জীবন, স্বেচ্ছায় নির্বাসিত প্রবাস জীবন এবং শিল্পভাবনাকে অন্বেষণ করেছেন শিকোয়া নাজনীন। বইটি নিয়ে গতকাল শনিবার সন্ধ্যায় আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে রাজধানীর মোহাম্মদপুরের গ্যালারি কলাকেন্দ্র।

গ্রন্থটি নিয়ে আলোচনায় অংশ নেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, কলাতাত্ত্বিক মইনুদ্দীন খালেদ এবং ভাস্কর ও লেখক শিবু কুমার শীল।

আলোচনায় মইনুদ্দীন খালেদ বলেন, একজন নারী হিসেবে নভেরা আহমেদ তার সময়ের অনেক বেশি অগ্রসর ছিলেন। সাহসী ছিলেন। তার গড়া ভাস্কর্যশিল্পে সর্বপ্রথম পূর্ব-পশ্চিমের মেলবন্ধন ঘটেছে। তিনি লোকজ আঙ্গিকের টেপা পুতুলের ফর্মকে ভিন্ন আঙ্গিকে মেলে ধরেছেন তার ভাস্কর্যে। নারী প্রতিমার রূপায়ণে সৌন্দর্যের পরিবর্তে শক্তিময়তা ও সংগ্রামী ভাবকে প্রকাশ করেছেন। বলা হয় শহিদ মিনারের নকশা প্রণয়নে হামিদুর রহমানের সহযোগী ছিলেন নভেরা আহমেদ; কিন্তু প্রকৃত অর্থে শহিদ মিনারের মূল রূপকার ছিলেন নভেরা আহমেদ—নভেরা নামের বইটিতে সেই তথ্যই উপস্থাপিত হয়েছে।