চট্টগ্রাম অফিস
জেলার বোয়ালখালী পৌরসভার মেয়র ও বিএনপির আহ্বায়ক আবুল কালাম আবুসহ ৩ বিএনপি নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গতকাল রবিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালত এই আদেশ দেন। অন্য ২ জন বিএনপি নেতা হলেন— মহসিন খোকন ও ইয়াছিন ডিলার। এ ব্যাপারে অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী জানান, বিস্ফোরক আইনের মামলায় তারা গতকাল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২০১৮ সালের ২৩ নভেম্বর চান্দগাঁও থানায় দায়ের হওয়া মামলায় তারা ৩ জনই আসামি। পরে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ছিলেন তারা। সম্প্রতি তাদের জামিনের মেয়াদ শেষ হয়।
চট্টগ্রামে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড
এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আমির হোসেন জামাল নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। গতকাল রবিবার চট্টগ্রামে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোতাহের আলী এ আদেশ দিয়েছেন। দণ্ডিত জামাল ফটিকছড়ি উপজেলার সাপমারা ফকিরের টিলা এলাকার ওমর আলীর পুত্র। রাষ্ট্রপক্ষের আইনজীবী এমএ নাছের জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং ৯ (২) ধারায় তাকে মৃত্যুদণ্ডের সাথে ১ লাখ টাকা জরিমানার রায় দিয়েছে আদালত।
আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ১৬ মে হাটহাজারী উপজেলার মেখল গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে আসে ১০ বছর বয়সী জুলি আক্তার। জুলির ফুফুর বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করতেন আসামি আমির হোসেন জামাল। ফুফুর বাড়ি থেকে জুলিকে অপহরণ করে পার্শ্ববর্তী নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে এবং পরে শ্বাসরোধ করে হত্যার পর পাশের খালে লাশ ফেলে দেয় জামাল। পুলিশ খাল থেকে জুলির লাশ উদ্ধার করে। পরে জুলির বাবা আবদুর রহিম বাদী হয়ে জামালকে আসামি করে থানায় মামলা দায়ের করে।