কুমিল্লায় বিশেষ অভিযানে ৪৯ জন আটক

 কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়ে ৪৯ জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল থেকে রবিবার ভোর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটকসহ ইয়াবা, ফেনসিডিল, মদ, গাঁজা ও বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়।

জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে রবিবার ভোর পর্যন্ত জেলার ১৭টি থানা এলাকায় সংশ্লিষ্ট থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময়ে বিভিন্ন মাদকদ্রব্য বহন-পাচার ও নিয়মিত মামলাসহ নানা অপরাধে ৪৯ জনকে আটক করা হয়। জেলা বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) মাহবুব মোরশেদ জানান, এর মধ্যে মাদক আইনে আটক করা হয়েছে ৬ জনকে এবং ৮২৫ পিস ইয়াবা, ৪৯৫ বোতল ফেনসিডিল এবং গাঁজা ও মদ জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য বহন ও পাচারের অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫টি মামলা হয়েছে এবং নিয়মিত মামলায় ১৩ জনসহ নানা অপরাধে ৪৯ জনকে আটক করা হয়েছে। মাদক প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।