রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্র তাদের শিক্ষার্থীদের নিয়ে ধারাবাহিক অনুষ্ঠানের আয়োজন করে চলেছে। সেই ধারাবাহিকতায় গতকাল শনিবার সন্ধ্যায় ছয় শিক্ষার্থীকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে রাধারমণ সংগীত পরিবেশন করেন অনামিকা চন্দ কেয়া, পরিতোষ রায়, সুমন মুন্না, কৃষ্টি রায়, প্রণিতা মিত্র ও মঞ্জুরী মণ্ডল। অনুষ্ঠান সংগঠনের ফেসবুক পেইজে সম্প্রচারিত হয়। ড. বিশ্বজিত্ রায়ের প্রশিক্ষণের মাধ্যমে রাধারমণ সংগীত চর্চাকারী একটি দল তৈরির লক্ষ্যে গত মার্চ মাস থেকে অনলাইনে প্রশিক্ষণ শুরু করে।
অনুষ্ঠানের শুরুতেই অনামিকা চন্দ কেয়া গেয়ে শোনান ‘আমার শ্যাম জানি কই রইল গো’ ও ‘পতিত পাবন নাম শুনিয়া’। পরিতোষ রায় পরিবেশন করেন ‘যাওরে ভ্রমর উড়িয়া’ ও ‘পাষাণ মনরে বুঝাইও তুমি চিনিয়া মানুষের সঙ্গ লইও’। কৃষ্টি রায় গেয়ে শোনান, ‘আমার সাধনের ধন গেল অকারণ’ ও ‘ললিতে সুখ হইল না কালার পিরীতে’। প্রণিতা মিত্র শুরুতেই ধরেন ‘কেমন আছে কমলিনী রাই’, তার দ্বিতীয় গানটি ছিল ‘পূর্বে তোমার যে ভাব ছিলরে’। সুমন মুন্না শোনান ‘ও বাঁশিরে শ্যামচান্দের বাঁশি’, ‘তুই বড় কঠিনরে বন্ধু’। সবশেষে মঞ্জুরী মণ্ডল’ পরিবেশন করেন ‘শ্যাম তুমি আও না কেনে’ ও ‘আসবে শ্যামকালিয়া কুঞ্জ সাজাও গিয়া’।