লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় পরীক্ষার্থীসহ ৩ জন আহত

 লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এই ঘটনায় তার বাবা ও মা আহত হয়েছেন। শনিবার বিকালে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাশপুর গ্রামের মোল্লাবাড়িতে এ হামলার ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- এসএসসি পরীক্ষার্থী আফসানা আক্তার, তার পিতা সানাউল্যা ও মাতা কামরুন্নাহার।

আফসানা আক্তারের বড় ভাই আবদুল কাদের জানান, তার বাবা সানাউল্যা ও তাদের বাড়ির সালাহ উদ্দিনের সাথে দীর্ঘদিন থেকে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনার দিন বিকালে বাবার পথ রোধ করে এলোপাতাড়ি পিটাতে থাকে প্রতিপক্ষের লোকজন। খবর পেয়ে বাড়িতে থাকা ছোট বোন বিরাহীমপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আফসানা আক্তার ও আমার মা কামরুন্নাহার এগিয়ে গেলে তাদেরকেও পিটিয়ে জখম করে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

রবিবার দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে গিয়ে দেখা গেছে, আফসানা আক্তারের অবস্থা গুরুতর, তার গায়ে আঘাতের মারাত্মক জখমের চিহ্ন রয়েছে। সে হাসপাতালের বেড থেকে উঠতে পারছে না। একই অবস্থা তার বাবা সানাউল্যা ও মা কামরুন্নাহারের।

এ বিষয়ে সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আনোয়ার হাসেন জানান, গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের আঘাত মারাত্মক, সুস্থ হতে কিছুদিন সময় লাগবে।