ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা
ওসমানীনগরে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৮ জনকে গ্রেফতার এবং তাদের কাছ থেকে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত স্বর্ণ ও ডাকাতির কাজে ব্যবহূত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্র ও শনিবার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছে ওসমানীনগর থানার পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছেন— আবদুল কাইয়ুম, জুয়েল মিয়া, রাজু আহমদ, হাজারি শিপন, সাব্বির আহমদ, ছয়ফুল আলম, সত্যজিত্ দাস ও নাসির খান। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩টি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড গুলিসহ ডাকাতির কাজে ব্যবহূত অস্ত্র এবং একটি অটোরিকশা জব্দ করা হয়েছে। গতকাল শনিবার গ্রেফতারকৃতদের মধ্যে ৪ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য ৪ জনকে আজ রবিবার আদালতে প্রেরণ করা হবে বলে জানা গেছে।
গতকাল শনিবার বিকালে সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে ওসমানীনগর থানার ওসি এসএম-আল মামুন জানান, মৌলভীবাজারের একটি জুয়েলারি দোকান থেকে লুণ্ঠিত ৫৫.২৫ গ্রাম স্বর্ণ ও স্বর্ণ বিক্রির ১ লাখ ৫ হাজার ৭শ’ টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
উল্লেখ্য, গত রবিবার রাতে যুবলীগ সভাপতি আনা মিয়ার বাড়িতে একদল ডাকাত হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়। এ ঘটনায় আনা মিয়া বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করেন।