পাউবোর জলাশয় থেকে চলছে ড্রেজার দিয়ে বালু উত্তোলন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলাধীন এনায়েতপুর থানার দ্বাদশপট্টিতে অবাধে চলছে পাউবোর সরকারি জলাশয় থেকে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করে লাখ-লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। ব্যাপক বালু উত্তোলন করায় বাঁধ ও আশপাশের এলাকা হুমকির মুখে পড়েছে।

এ ব্যাপারে ইসলাম হোসেন, নুরুল ইসলাম, আব্দুল মোন্নাফ, সোনা মিয়া অভিযোগ করে জানান, হঠাত্ করেই আমাদের বাড়ির পাশের সরকারি জলাশয়ে গনজের আলী ড্রেজার দিয়ে বালু উত্তোলন শুরু করেছে। আমরা বারবার তাকে নিষেধ করলেও তিনি মানছেন না। আবার বলে আমার কিছুই করতে পারবে না। আমি সরকারি জলাশয় থেকে মাটি সবাইকে ম্যানেজ করেই কাটছি। তারা জানান, আমরা বালু দস্যু গনজেরের কাছে অসহায় হয়ে পড়েছি। আমরা কর্মকর্তাদের ফোন করে অভিযোগ দিয়েছি। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এদিকে বালু উত্তোলনকারী গনজের আলী জানান, ইউনিয়ন পরিষদের উদ্যোগে রাস্তায় মাটি তুলে ফেলছি। এর পাশাপাশি কিছু মাটি বিক্রি করছি। জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সুলতান এ কাজে সহায়তা করছে। মিলেমিশেই এ কাজ করছি বলে সমস্যা হচ্ছে না। এদিকে জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী সুলতান মাহমুদ জানান, আমি রাস্তায় মাটি ফেলছি। শুনেছি সে বিক্রিও করছে। আমি এ কাজে জড়িত নই। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম ও শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত হাসিব সরকার জানান, পাউবোর জলাশয় হতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। যারাই এ কাজে জড়িত থাক না কেন বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।