ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজী পৌরসভা নির্বাচন আজ সোমবার। সকাল ৮টা থেকে এ পৌরসভায় প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে চার জন, কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে ২৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে দুটি ব্লকে চার জন নির্বাচনি মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মেয়র প্রার্থীদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র রফিকুল ইসলাম খোকন (নৌকা), উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শেখ সেলিম (মগ), উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা আবু নাছের (মোবাইল ফোন) ও ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ হিজবুল্যাহ (হাতপাখা)।
শনিবার রাতে প্রচারণা শেষে মেয়রপ্রার্থী আবু নাছের জানান, ভোটদানের পরিবেশ নিশ্চিত না হলে ভোটাররা ঝুঁকি নিয়ে কেন্দ্রে ভোট দিতে আসবে না। নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান মেয়র রফিকুল ইসলাম খোকন জানান, মানুষ সুযোগ পেলে আমাকে পুনরায় মেয়র নির্বাচন করবে। জেলা নির্বাচন কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারী জানায়, প্রতি কেন্দ্রে এক জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। ৯টি কেন্দ্রে স্টাইকিং ফোর্স পরিচালনার জন্য এক জন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে।
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা জানান, আজ নাঙ্গলকোট পৌরসভার সাধারণ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। মেয়র পদে একক প্রার্থী হওয়ায় ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছে। এখন শুধু কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পৌরসভার ৯টি সাধারণ ওয়ার্ডে ৪৩ জন কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত তিনটি ওয়ার্ডে ১১ জন কাউন্সিলর প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল বলেন, অবাধ ও সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।