স্টাফ রিপোর্টার, বগুড়া
পার্কে বেড়াতে আসা লোকজনকে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে বগুড়া সদর থানার দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার রাতে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহারের পর রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) ফয়সাল মাহমুদ। যাদের প্রত্যাহার করা হয়েছে তারা হলেন—বগুড়া সদর থানার সহকারী উপপরিদর্শক আব্দুল্লাহ আল মোস্তফা ও কনস্টেবল (ড্রাইভার) মাহিদুর রহমান। এর আগে শুক্রবার রাতে পুলিশ সুপারের আদেশে তাদের থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, ডিউটির বাইরে কাউকে না জানিয়ে তারা মম ইন পার্কে যান। সেখান থেকে অভিযোগ আসায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। অভিযোগের সত্যতার বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।