সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীসহ উত্তর জনপদে গতকাল শনিবার ২১ মিলিমিটার বৃষ্টিপাত হয়ে রেকর্ড গড়েছে। বৃষ্টির কারণে বেড়েছে শীতের তীব্রতা। কনকনে শীতে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। দুদিনের বৃষ্টিতে সবচেয়ে বিপদে পড়েছেন হতদরিদ্র মানুষ। দিনমজুর শ্রেণির মানুষকে পড়তে হয়েছে সীমাহীন দুর্ভোগে। বাধ্য হয়ে বৃষ্টিতে কাক ভেজা হয়ে কাজে নামতে হচ্ছে তাদের।
রিকশা চালক আবুল কালামের সঙ্গে কথা হয় সৈয়দপুরের শহীদ ডা. জিকরুল হক সড়কে। তিনি বলেন, কাজ না করলে পেটে ভাত জোটে না, তাই বৃষ্টির মাঝেও কাজ করতে বের হয়েছি।
সৈয়দপুরে গতকাল ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এবং বৃষ্টিপাত হয়েছে ২১ মিলিমিটার। সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, আজকে সারাদিনও বৃষ্টিপাত হতে পারে। এর পর আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে। তবে শীতের তীব্রতা বাড়বে।