শেষ ম্যাচেও হারল যুবারা

স্পোর্টস রিপোর্টার

টানা তিন জয়ে সিরিজটা আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তিন ম্যাচ হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সফরকারী আফগানিস্তান। শেষ দুটি ম্যাচই জিতেছে তারা। চতুর্থ ম্যাচের পর গতকাল সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে হেরে গেছে বাংলাদেশের যুবারা। সিলেটে স্বাগতিকদের ৩ উইকেটে পরাজিত করেছে আফগানরা। পাঁচ ম্যাচের সিরিজটা ৩-২ এ জিতল বাংলাদেশ যুব দল।

গতকাল টস জিতে আগে ব্যাট করে ৪৭.৪ ওভারে ১৫৫ রানে অললআউট হয় বাংলাদেশ। আব্দুল্লাহ আল মামুন ৩৭, ইফতেখার ২৬, নাইমুর রহমান ১৬, তাহজিবুল ১৫, গোলাম কিবরিয়া ১৩, মাহফিজুল ১১ রান করেন। আফগানদের পক্ষে বিলাল সামি, নানগেয়ালিয়া খারোটে ৩টি করে, নাভিদ-হাসিনি ২টি করে উইকেট পান। জবাবে ৩ বল বাকি থাকতে ৭ উইকেটে ১৫৬ রান তুলে জয় নিশ্চিত করে সফরকারীরা। ইসহাক জাজাই ৫২, ইজাজ আহমেদ ৩২, নাভিদ অপরাজিত ২৯, আরবজাই ১৪ ও নাজিবউল্লাহ ১১ রান করেন। অলরাউন্ড নৈপুণ্যে ইজহারুলহক নাভিদ ম্যাচ সেরা হন। আগামী ২২ সেপ্টেম্বর থেকে একমাত্র চার দিনের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান যুব দল।