গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
রবিবার ভোরে গফরগাঁও-হোসেনপুর সড়কে গণডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতরা মালবাহী ট্রাক, বেশ কয়েকটি সিএনজি ও অটোরিকশা যাত্রীদের মারধর করে সর্বস্ব লুটে নিয়েছে। ডাকাতির কবলে পড়া যাত্রী ও চালকরা জানান, ওই সড়কের পাগলা থানার দীঘিরপাড় টানপাড়ার শেখ বাড়ি দারুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার সামনে ভোর সাড়ে ৪টার দিকে ৭/৮ জনের একদল মুখোশধারী ডাকাত সড়কে গাছের গুড়ি ফেলে ব্যারিকেড দিয়ে গরু ব্যবসায়ীদের একটি ট্রাক আটক করে। ব্যবসায়ীদের লাখ টাকা ছিনতাই করে ট্রাকচালককে অস্ত্রের মুখে জিম্মি করে আড়াআড়িভাবে সড়কের মাঝে রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এরপর একে একে আরও বেশ কয়েকটা সিএনজি ও অটোরিকশা আটক করে ১৫/২০ জন যাত্রীর সর্বস্ব ছিনিয়ে নেয়। যাত্রীদের চিত্কারে এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাতদল সড়কের পাশের ব্রহ্মপুত্র নদে নেমে পালিয়ে যায়। পাগলা থানার ওসি মো. শাহিনুজ্জামান জানান, এ বিষয়ে খোঁজ নেয়ার জন্য পুলিশ অফিসার ঘটনাস্থলে গিয়েছে।