সাভারের আশুলিয়ায় একটি যাত্রীবাহী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদীতে ডুবে গেছে। এ ঘটনায় এক স্বর্ণ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এছাড়া আরো দুজনকে উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে টঙ্গী-আশুলিয়া সড়কের মরাগাং এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। গতকাল রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মনির হোসেন।
নিহত ঐ ব্যক্তির নাম ভোলা দাস। তিনি আশুলিয়ার জিরাবো এলাকায় বসবাস করে স্বর্ণের ব্যবসা করতেন বলে জানা গেছে।
নিহতের স্বজনরা জানায়, স্বর্ণ ব্যবসায়ী ভোলা দাস, তার বন্ধু দীপু ও রাজু মিলে একটি প্রাইভেটকার ভাড়া করে ব্যবসার কাজে উত্তরায় যায় শনিবার বিকালে। কাজ শেষে বাড়ি ফেরার পথে রাতে আশুলিয়ার ধউর এলাকায় তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ১৫-২০ ফুট দূরে তুরাগ নদীতে গিয়ে পড়লে গাড়িটি পুরোপুরি ডুবে যায়। এসময় গাড়ির দরোজা দিয়ে রাজু ও দীপু বের হতে পারলেও আটকে যায় ভোলা দাস। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে গাড়ির ভেতর থেকে মৃত অবস্থায় ভোলা দাসকে উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা সৈয়দ মনির হোসেন জানান, প্রাইভেটকারটি তিন জন যাত্রী নিয়ে ঢাকা থেকে আশুলিয়ার দিকে যাচ্ছিল। একপর্যায়ে তারা টঙ্গী-আশুলিয়া সড়কের মরাগাং এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদীতে পড়ে যায়। এসময় ভিতরে থাকা দুজন বের হতে পারলেও একজন আটকা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এদিকে পুলিশ জানিয়েছে, তারা তিন জনই মদ্যপ অবস্থায় ছিল। গাড়িও চলছিল বেপরোয়া গতিতে। ফাঁকা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সরাসরি নদীতে ছিটকে পড়ে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, পানিতে তলিয়ে যাওয়া প্রাইভেটকারের আহত দুই যাত্রীকে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়েছে।