পারমাণবিক সাবমেরিন বিক্রির চুক্তির ক্ষেত্রে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র মিথ্যা তথ্য দিয়েছে বলে অভিযোগ করেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভেস লে ড্রিয়ান। এই চুক্তির প্রতিবাদে স্থানীয় সময় গত শুক্রবার দেশ দুটিতে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছিল ফ্রান্স। এরপর এমন অভিযোগ উঠে। অস্ট্রেলিয়া ফ্রান্সের অভিযোগ অস্বীকার করেছে।
শনিবার টেলিভিশন চ্যানেল ফ্রান্স-২-এর সঙ্গে সাক্ষাত্কারে নিরাপত্তা চুক্তির মাধ্যমে দেশ দুটি ফ্রান্সের সঙ্গে বিশ্বাসভঙ্গ ও অপমানজনক আচরণ করেছে বলেও মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী। ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তার জন্য অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে চুক্তি হয়। অকাস নামের চুক্তির অধীনে অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিনের প্রযুক্তি সরবরাহ করবে ওই দুই দেশ। এই চুক্তির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্রান্স। কারণ অস্ট্রেলিয়ার সঙ্গে ফ্রান্সের সাবমেরিন সংশ্লিষ্ট চার হাজার কোটি ডলারের একটি চুক্তি হয়েছিল। দুই দেশের সঙ্গে অস্ট্রেলিয়ার চুক্তির মাত্র কয়েক ঘণ্টা আগে ফ্রান্সকে বিষয়টি জানানো হয়। তবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ফ্রান্সের অভিযোগ অস্বীকার করে বলেছেন, ফ্রান্সকে আগেই চুক্তির বিষয়ে অবহিত করা হয়েছিল। তাদের সঙ্গে চুক্তিটি ভেঙে যাচ্ছে সেটিও জানানো হয়েছিল।—বিবিসি