মুক্তিযোদ্ধা হত্যার আসামিকে গ্রেপ্তারের দাবি

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান সেলিমের হত্যাকারী গ্রেপ্তার না হওয়ায় রবিবার সকালে পাকশীর রূপপুরে আবারো বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডের ঈশ্বরদী ইউনিটের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল খালেক, পাকশীর সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা হবিবুল ইসলাম হব্বুল, পাকশী ইউনিটের সাবেক কমান্ডার জাহাঙ্গির হোসেন প্রমুখ।

হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবিতে এলাকাবাসী ও মুক্তিযোদ্ধারা গত ৭ ফেব্রুয়ারি মানববন্ধন ও সড়ক অবরোধ করে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন। আল্টিমেটাম শেষ হওয়ার পর মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী আবারো বিক্ষোভ সমাবেশ করে যতদিন পর্যন্ত হত্যাকারী গ্রেপ্তার না হবে ততদিন ধারাবাহিকভাবে প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় সোমবার ঈশ্বরদী শহরে এবং মঙ্গলবার রূপপুরের বিবিসি বাজারে মানববন্ধন করা হবে।