বিএনপি কার্যালয়ের সামনে সহিংসতা

প্রতিবেদন চেয়ে পুলিশকে চিঠি দিয়েছে ইসি

রাজধানীর নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের কাছে প্রতিবেদন চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ওই সময়ের তোলা ছবি, ভিডিও ও অন্যান্য তথ্য প্রমাণাদিও চাওয়া হয়েছে। পাশাপাশি এ ঘটনায় কাউকে হয়রানি না করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ পুলিশের কাছে চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই ঘটনায় নির্বাচন কমিশন কী করে তা দেখি, বলে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে। অপরদিকে জাতীয় ঐক্যফ্রন্ট আমাদের বলেছে, সরকারের যোগসাজোশে ওই ঘটনা ঘটেছে। এসব কারণে আমরা পুলিশের কাছে প্রতিবেদন চেয়ে চিঠি দিয়েছি। প্রকৃত ঘটনা কী তা জানাতে বলেছি। ওই প্রতিবেদন পাওয়ার পর করণীয় কী তা কমিশন ঠিক করবে।

ইসি সূত্রে জানা গেছে, ঐ ঘটনায় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে পরস্পরকে দোষারোপ করেছে আওয়ামী লীগ ও বিএনপি। আর পুলিশ বলেছে, বিএনপি নেতাকর্মীরা বিনা উসকানিতে তাদের ওপর হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপরই পুলিশকে চিঠি দিল ইসি।