জাতিসংঘ জলবায়ু তহবিলের প্রতিশ্রুতি পূরণের আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রীর

  এএফপি

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ধনী দেশগুলোকে চলতি সপ্তাহে জাতিসংঘ জলবায়ু তহবিলের প্রতিশ্রুতি পূরণে বাধ্য করা কঠিন হবে। কোপেনহেগেনে ২০০৯ সালের জলবায়ু সম্মেলনে ধনী দেশগুলো জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দরিদ্র দেশগুলোকে ২০২০ সাল থেকে বছরে ১০ হাজার কোটি ডলারের তহবিল জোগানের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক সংস্থা বলছে, এ বিষয়ে অগ্রগতি সন্তোষজনক নয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বরিস জনসন রবিবার নিউ ইয়র্ক গেছেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি এ সপ্তাহে সবকিছু করতে গেলে চাপ তৈরি হবে। এটি খুবই কঠিন হবে। তবে লোকজনকেও বুঝতে হবে বিশ্বের জন্যে এটি খুবই গুরুত্বপূর্ণ।’ তিনি আরো বলেন, চীনের দিক থেকে অগ্রগতির সত্যিকার আভাস মিলেছে।

উল্লেখ্য, জাতিসংঘ জলবায়ু তহবিল থেকেই প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নের প্রয়োজনীয় অর্থের মূল জোগান আসবে। প্যারিস চুক্তিতে দরিদ্র দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বছরে কোটি কোটি ডলার সহায়তা দেওয়ার আহ্বান জানানো হয়। সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি জনসন হোয়াইট হাউজ সফর করবেন। এ ছাড়া তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসনারোর সঙ্গেও বৈঠক করবেন।