রয়টার্স
করোনা ভাইরাস মহামারি বোঝার জন্য কম্বোডিয়ার উত্তরাঞ্চল থেকে বাদুড়ের নমুনা সংগ্রহ করছেন গবেষকরা। এক দশক আগে ঐ অঞ্চলে এই প্রাণীটির মধ্যে প্রায় একই ধরনের আরেকটি ভাইরাস পাওয়া গিয়েছিল।
২০১০ সালে লাওসের সীমান্তবর্তী স্তাং ত্রাইং প্রদেশে হর্সশু বাদুড় থেকে দুটি নমুনা সংগ্রহ করা হয়েছিল, সেগুলো নমপেনের ইনস্টিটিউট পাস্তুর দ্য কম্বোজের (আইপিসি) ফ্রিজে রাখা আছে। গত বছর নমুনাগুলোর ওপর পরীক্ষা চালানো হয়। তাতে দেখা যায়, যে করোনা ভাইরাসটি বিশ্বব্যাপী ৪৬ লাখেরও বেশি মানুষকে মেরে ফেলেছে হর্সশু বাদুড় থেকে সংগ্রহ করা নমুনাগুলো তার নিকট আত্মীয়। আইপিসি গবেষকদের আট সদস্যের একটি দল এক সপ্তাহ ধরে হর্সশু বাদুড়গুলো থেকে নমুনা সংগ্রহের পাশাপাশি তাদের প্রজাতি, লিঙ্গ, বয়স ও অন্যান্য বিবরণ লিপিবদ্ধ করে রাখছেন। ফিলিপাইনেও একই ধরনের একটি গবেষণা চলছে। গবেষক দলটির মাঠ পর্যায়ের সমন্বয়কারী হাউরি হোম বলেন, ‘আমরা আশা করছি, এই গবেষণার ফলাফল কোভিড-১৯ সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে বিশ্বকে সাহায্য করতে পারবে।’ এই ভাইরাসগুলো বাদুড়ের মতো যেসব প্রজাতিতে থাকে সেগুলোতে সাধারণত কোনো রোগ লক্ষণ প্রকাশ পায় না, কিন্তু মানুষ বা অন্য কোনো প্রাণীতে ছড়ালে ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে। আইপিসির ভাইরোলজি বিভাগের প্রধান ড. ভেসনা ডুয়ং জানান, তার ইনস্টিটিউট বাদুড়বাহিত এই ভাইরাসটির উত্স ও বিবর্তনের সূত্র পেতে গত দুই বছরে এ ধরনের চারটি অভিযান চালিয়েছে।