মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পশ্চিম বাড়ৈখালীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ মামলার সাজাপ্রাপ্ত আসামি মাদক বিক্রেতা মোহাম্মদ তাজেল (৩৬) নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন তিনজন পুলিশ সদস্য। গত শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই কাউসার, কনস্টেবল শহিদুল ও সজল খান। তাদেরকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপতালে ভর্তি করা হয়েছে। তাজেল শ্রীনগর উপজেলার বাঘড়ার রুদ্রপাড়া গ্রামের দ্বীন ইসলাম খোরশেদ ওরফে ইউনুস শেখের পুত্র।
শ্রীনগর থানার ওসি মো ইউনুচ আলী জানান, গত শুক্রবার সকালে তাজেলকে মনিরামপুর থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ১০টি ওয়ারেন্ট পেন্ডিং ছিল। এর মধ্যে একটি ডাকাতি মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানা ছিল। ওসি আরও জানান, তাজেলের দেওয়া তথ্য মোতাবেক অস্ত্র উদ্ধারে মদনখালী যাওয়ার পথে উক্ত স্থানে রাত সোয়া ১টার দিকে তার সহযোগীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। এই সময় তাজেল পালিয়ে যায়। গোলাগুলির পর ঘটনাস্থলে তার রক্তাক্ত দেহ পড়ে থাকে। শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে। এসময় ঘটনাস্থল থেকে একটি একনালা বন্দুক, তিনটি পিস্তলের গুলি, ১০১ পিস ইয়াবা ও কিছু গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় শ্রীনগর থানায় অস্ত্র ও পুলিশ এসল্ট মামলা হয়েছে।