বড়াইগ্রামে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

বড়াইগ্রামে জাম্বিয়া বেওয়া (৪৫) নামের এক বিধবা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার গড়মাটি গ্রামের লইমুদ্দিনের বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে জাম্বিয়া বেওয়াকে বাড়িতে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের ভাতিজা সাহাবুল ইসলাম। নিহত নারী পাবনার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামের মৃত আফসার আলীর স্ত্রী।

এ ঘটনার পর থেকে অভিযুক্ত লইমুদ্দিন সপরিবারে পলাতক রয়েছে। ভাতিজা সাহাবুল ইসলাম জানান, আমার ফুফুর দেওয়া কয়েক লাখ টাকা আত্মসাতের জন্যই লইমুদ্দিন তাকে হত্যা করে ঘরে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছে। আমরা থানায় হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছি।

বড়াইগ্রাম থানার ওসি নজরুল ইসলাম মৃধা জানান, এটা হত্যা না আত্মহত্যা সে ব্যাপারে তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।