উপকরণ
বান তৈরির জন্য :২ কাপ ময়দা, লবণ স্বাদমতো, ১ চা চামচ ইস্ট, ১ টেবিল চামচ গুঁড়া দুধ, ৩ টেবিল চামচ চিনি, ১ টেবির চামচ তেল, ১ কাপ কুসুম গরম তরল দুধ।
বার্গারের পেটির জন্য :২০০ গ্রাম মুরগির মাংসের কিমা, লবণ স্বাদমতো, টমেটো সস ১ চা চামচ, ১ টেবিল চামচ পেঁয়াজ বাটা, ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ লাল মরিচ গুঁড়া, ১/২ চা চামচ জিরা গুঁড়া, ১/২ চা চামচ ধনিয়া গুঁড়া, ১ চা চামচ গরম মসলা গুঁড়া, পানিতে ভিজিয়ে নিংড়ে নেওয়া ১ পিস পাউরুটি।
সস তৈরির জন্য :১/২ কাপ মেয়োনিজ, ১ টেবিল চামচ চিনি, ১ টেবিল চামচ গুঁড়া দুধ, ১ টেবিল চামচ টমেটো সস, ১ চা চামচ সরিষার তেল, কয়েকটি পুদিনা পাতা।
প্রস্তুত প্রণালি :প্রথমে ১টি বাটিতে ময়দা নিয়ে ময়দার সঙ্গে বাকিসব উপকরণ একসঙ্গে মিশিয়ে অল্প অল্প করে কুসুম গরম দুধ দিয়ে নরম একটি ডো তৈরি করে ৫ মিনিট মথে নিয়ে তার উপর সামান্য তেল মেখে ঢেকে গরম জায়গায় রেখে দিতে হবে ১ ঘণ্টা। এবার একটি বোলের মধ্যে মুরগির মাংসের কিমা নিয়ে তার মধ্যে বাকিসব উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে হাতের তালুতে তেল মেখে কিমার মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে গোল গোল করে পেটি তৈরি করে চুলায় প্যান বসিয়ে তাতে সামান্য তেল দিয়ে পেটিগুলো দিয়ে একপাশ ৮ মিনিট ও অপর পাশ ৮ মিনিট করে ভেজে উল্টে-পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে।
সস তৈরি :মেয়োনিজ, চিনি, গুঁড়া দুধ, টমেটো সস, সরিষার তেল, পুদিনা পাতা সব একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বার্গার স্পেশাল সস। এবার ১ ঘণ্টা পর খামিরটা ভালো করে মথে নিয়ে কয়েক ভাগে ভাগ করে গোল গোল করে বানিয়ে ফ্রাই প্যানের মধ্যে তেল ব্রাশ করে তাতে বানগুলো বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ৩০ মিনিট রেখে দিতে হবে। ৩০ মিনিট পর ঢাকনা তুলে বান যখন ফুলে দ্ব্বিগুণ হয়ে যাবে তখন তার উপর কুসুম ব্রাশ করে তিল ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে চুলার আঁচ প্রথমে বাড়িয়ে দিয়ে ৫ মিনিট রেখে ৫ মিনিট পর চুলার আঁচ মাঝারি থেকে একটু কমিয়ে রেখে বেক করতে হবে ৩০ মিনিট। এরপর টুথপিক দিয়ে চেক করে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। বানগুলো যখন ঠান্ডা হবে ছুরি দিয়ে বানের মাঝ বরাবর কেটে নিতে হবে। কেটে বানের একটা অংশের উপর বার্গার স্পেশাল সস দিয়ে তার উপর তৈরি করা চিকেন পেটি দিয়ে তার উপর আবারো সস দিয়ে তার উপর শসার স্লাইস, টমেটোর স্লাইস, পছন্দমতো করে সাজিয়ে সবার উপরে বানের অন্য অংশটুকু বসিয়ে টুথপিক দিয়ে গেঁথে দিয়ে সুন্দর করে পরিবেশন করা যাবে মজার চিকেন বার্গার।