বিকেল মানেই অবসর, আর এ সময়ে চায়ের সঙ্গে যদি একটু স্বাদে ভিন্নতা আনা যায়, তাহলে কিন্তু মন্দ হয় না। ভিন্ন স্বাদের দুই পদের রেসিপি দিয়েছেন নার্গিস আক্তার
তুর্কিশ পিড়ে
উপকরণ :২ কাপ ময়দা, ১ চা চামচ ইস্ট, ১ চা চামচ চিনি, আধা চা চামচ লবণ, ১ চা চামচ তেল, ১ কাপ কুসুমগরম পানি।
পিড়ের ভিতরের পুর তৈরির জন্য :২৫০ গ্রাম গরুর মাংসের কিমা, ১ টেবিল চামচ তেল, ১টি মাঝারি সাইজের পেঁয়াজ কুঁচি, ১/২ চা চামচ আদা বাটা, ১/২ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ লবণ, ১/২ চা চামচ হলুদ গুঁড়া, ১/২ চা চামচ গরম মসলা গুঁড়া, ১ চা চামচ লাল মরিচ গুঁড়া, ১ চা চামচ টমেটো সস ও সামান্য পানি।
প্রস্তুত প্রণালি
পিড়ে তৈরির জন্য : বাটিতে ময়দা নিয়ে তার মধ্যে সব উপকরণ দিয়ে একসঙ্গে মিশিয়ে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মিশিয়ে একটি নরম ডো তৈরি করতে হবে। ডো তৈরি করে ৫ মিনিট মথে নিতে হবে। মথে নিয়ে তার উপর সামান্য তেল মেখে ঢেকে গরম জায়গায় রেখে দিতে হবে ১ ঘণ্টা।
পুর তৈরি :চুলায় একটি প্যান বসিয়ে তাতে তেল দিয়ে পেঁয়াজ কুঁচি দিয়ে নেড়েচেড়ে আদা ও রসুন বাটা দিয়ে নেড়েচেড়ে কয়েক মিনিট ভেজে চুলার আঁচ মাঝারি রেখে তার মধ্যে বাকিসব উপকরণ দিয়ে সামান্য পানি দিয়ে কষিয়ে নিতে হবে ৫ মিনিট। এরপর মাংসের কিমা দিয়ে নেড়েচেড়ে ঢেকে রান্না করতে হবে এবং অপেক্ষা করতে হবে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত। মাংস সেদ্ধ হয়ে গেলে চুলা বন্ধ করে নামিয়ে নিতে হবে। এর ১ ঘণ্টা পর খামিরটুকু আবারও ৫ মিনিট মথে নিতে হবে। মথে নিয়ে কয়েক ভাগে ভাগ করে পিঁড়িতে ময়দা ছিটিয়ে খামিরের এক ভাগ নিয়ে লম্বালম্বি করে বেলে মাঝবরাবর পুর দিয়ে একপাশ থেকে অপর পাশ বটে দিতে হবে। অর্থাত্ নৌকার মতো শেপ দিতে হবে। এবার পাশের অংশে কুসুম ব্রাশ করে দিতে হবে যেন কালারটা দেখতে সু্ন্দর আসে। এবার একটি বেকিং ট্রে’তে তেল ব্রাশ করে তাতে পিঁড়েগুলো বসিয়ে দিতে হবে। চুলায় একটি হাড়ি বসিয়ে তাতে হাড়ির মাঝ বরাবর একটি স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে ১০ মিনিট প্রি-হিট করে নিতে হবে। ১০ মিনিট পর পিড়ের ট্রেটা হাড়ির মধ্যে বসিয়ে চুলার আঁচ প্রথমে বাড়িয়ে ৫ মিনিট রেখে ৫ মিনিট পর চুলার আঁচ মাঝারি থেকে একটু কমে রেখে বেক করতে হবে ৩০ মিনিট। এবার চেক করে নামিয়ে সুন্দর করে পরিবেশন করা যাবে তুর্কিশ পিড়ে।