ইত্তেফাক রিপোর্ট
তিন মাসের বকেয়া বাসা ভাড়া না দেওয়ায় ঝগড়ার একপর্যায়ে স্ত্রীর হাতে খুন হয়েছেন স্বামী। ঘটনাটি ঘটেছে গতকাল খিলগাঁও পূর্ব গোড়ানের ৯ নম্বর রোডের মদিনা মসজিদ গলির একটি বাসায়। জানা গেছে, বাসা ভাড়া না দেওয়ার কারণ জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে ছেলের ব্যাডমিন্টন খেলার ব্যাট দিয়ে স্ত্রী নাজমা আক্তারকে মারধর শুরু করেন স্বামী আবদুর রহমান। একপর্যায়ে স্ত্রীও ঐ ব্যাটের ভাঙা অংশ স্বামী আবদুর রহমানের বুকে বিঁধিয়ে দেন।
এতে অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়। পরে স্ত্রী নাজমাকে গ্রেফতার করে পুলিশ। মৃত রহমানের বাড়ি নেত্রকোনা কলমাকান্দা উপজেলার কচুয়াকান্দা গ্রামে। স্থানীয় একটি মুরগির দোকানে ভ্যানচালক হিসেবে কাজ করতেন আবদুর রহমান। আহত অবস্থায় তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম বলেন, এ ঘটনায় স্বজনরা মামলা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।