ধর্ম যার যার উত্সব সবার

বাণী অর্চণা অনুষ্ঠানে প্রধান বিচারপতি

ইত্তেফাক রিপোর্ট

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ধর্ম যার যার উত্সব সবার। আইনজীবী সমিতিতে দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠান পালন হয়ে আসছে। তিনি বলেন, প্রায় প্রত্যেকবারেই এই অনুষ্ঠানে এসেছি। মনে হয় কখনো মিস হয়নি। আজ আমরা এসেছি ভবিষ্যতেও আসব। সবার মঙ্গল কামনা করছি। গতকাল রবিবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত বাণী অর্চণা অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতির ভাষণে সুপ্রিম কোর্ট বার সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, এই আইনজীবী সমিতি সবসময় ধর্মীয় গোড়ামির ঊর্ধ্বে থাকে। আমরা মনে করি এই বাংলাদেশ সবার। তাই এই দিনটিকে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে পালন করে থাকি।

অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেন, আজ সবাই এই আনন্দে মেতে উঠুক। যে যে ধর্ম পালন করি না কেন, এই উত্সবে সবাই সংযুক্ত হয়ে একাকার হয়ে যাই। বার সম্পাদক ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন বলেন, আমরা চাই সুপ্রিমকোর্ট সব চিন্তার উত্স হোক। সব ধর্মের আচার-অনুষ্ঠানই এখানে পালন করা হয়। আমাদের চিন্তার স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা এখানে লালন করা হয়।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি বাণী অর্চনা উদযাপন পরিষদের আহ্বায়ক ষষ্ঠী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাইকোর্টের বিচারপতি ও আইনজীবিগণ।