চট্টগ্রামে সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর খোশরোজ সম্পন্ন

মাইজভাণ্ডার দরবার শরিফে গতকাল রবিবার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে হযরত শাহ্সূফী সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী (ক.) এর ৮২তম খোশরোজ শরিফ ও মাইজভাণ্ডার রহমানিয়া মইনীয়া মাদ্রাসার ৩১তম সালানা জলসা। এ উপলক্ষে আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারিয়াসহ বিভিন্ন সংগঠন নানান কর্মসূচির আয়োজন করে।

রহমানিয়া মইনীয়া হেফজখানা ও এতিমখানার হেফজকৃত ৯ জন কুরআনে হাফেজকে দস্তারবন্দি করা হয়। খোশরোজ শরিফ মাহফিলে সভাপতিত্ব ও আখেরি মুনাজাত পরিচালনা করেন মাইজভাণ্ডার দরবার শরিফের সাজ্জাদানশীন শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)। তিনি বলেন, স্বদেশী ঘরানার এখানকার মাটি ও মানুষের উপযোগী ত্বরীক্বা ও দর্শনের নামই হচ্ছে মাইজভাণ্ডারী ত্বরীক্বা। গণকল্যাণ, সর্বজীবের প্রতি দয়া ও অনুগ্রহ সুধা বিলানো এবং অসাম্প্রদায়িক মানবতাবাদই মাইজভাণ্ডারী ত্বরীক্বা ও দর্শনের মূল কথা। তিনি বলেন, আজ বিশ্বজুড়ে সাম্প্রদায়িক সংঘাত ও হানাহানিতে বিশ্ব থেকে শান্তি উধাও হয়ে গেছে। অথচ জাতিসংঘসহ বিশ্ব সংস্থাগুলো সহিংসতার কবল থেকে নিরীহ নিরপরাধ মানুষকে বাঁচাতে চূড়ান্তভাবে ব্যর্থ।

খোশরোজ মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহ্জাদা সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন আল্-হাসানী, শাহ্জাদা সৈয়দ হাসনাইন-এ-মইনুদ্দীন আল্-হাসানী (মা.জি.আ.), হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব খলিফা অ্যাডভোকেট কাজী মহসীন চৌধুরী প্রমুখ।