>> ফারহান ইশরাক
কনটেন্ট মেকিংয়ের জগতে স্বাধীন আহ্মেদের যাত্রা শুরু ২০১৯ সালে। বুক রিভিউসহ বিভিন্ন ধরনের শিক্ষামূলক ভিডিও বানাতেন তিনি। বন্ধুদের সঙ্গে শেয়ার করতেন নতুন নতুন অভিজ্ঞতা। ফেসবুকে, ইউটিউবে অসংখ্য মানুষ স্বাধীনের সঙ্গে যুক্ত হয়েছে তার চমত্কারসব কনটেন্টের মাধ্যমে। এ বছরের শুরুর দিকে হঠাত্ করেই তার ভাবনায় এলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য কোনো কনটেন্ট বানানো যায় কি না। যে-ই ভাবা, সেই কাজ! বিশ্ববিদ্যালয়ে ভর্তির যাবতীয় তথ্য আর নিজের অভিজ্ঞতার মিশেল ঘটিয়ে বানিয়ে ফেললেন ভিন্নধর্মী এক কনটেন্ট। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর খুব অল্প সময়েই ভালো সাড়া পেতে থাকলেন সবার কাছ থেকে। বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের কাছ থেকে অনুরোধ আসছিল নতুন ভিডিও বানানোর জন্য। কনটেন্টটি ঘিরে সবার আগ্রহ স্বাধীনকে অনুপ্রাণিত করে। তাই ভাবলেন বিশ্ববিদ্যালয় প্রস্তুতির ওপর বানাবেন আরো কিছু ভিডিও। স্বাধীন আহমেদ পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগে।
বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সকলের পছন্দের তালিকার শীর্ষে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়। তাই স্বাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির ওপরই ভিডিও বানাতে থাকলেন একের পর এক। প্রথম ভিডিওটি তৈরি করেছিলেন ২০২১ সালের জানুয়ারিতে। সেদিন থেকে এখন পর্যন্ত বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানের ওপর তিনশতাধিক প্রস্তুতিমূলক ভিডিও তৈরি করেছেন। সব মিলিয়ে ভিউ হয়েছে ১৫ লাখেরও বেশি। ‘Pro With Swadhin’ নামের তার এই ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইবার সংখ্যা বর্তমানে প্রায় ২৯ হাজার। আর এতসব করেছেন কেবলমাত্র ভর্তি পরীক্ষার্থীদের প্রস্তুতিকে সহজ করার জন্য। স্বাধীন বলেন, ‘ভর্তি পরীক্ষার সময়ে প্রায় সবাই দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। পরীক্ষার্থীরা যাতে সঠিক নির্দেশনা পেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন, সেই লক্ষ্যেই আমার এই প্রয়াস।’ শিক্ষার্থীদের ক্লাস নেওয়া, ভিডিও সম্পাদনাসহ ক্লাসনোট তৈরির কাজগুলো স্বাধীন একাই করেন। তবে পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয় খোলার পর দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে টিম তৈরি করে তার কাজগুলোকে আরো প্রসারিত করার। স্বাধীন স্বপ্ন দেখেন, ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে শহর ও গ্রামের শিক্ষার্থীদের মাঝে যেন কোনো ধরনের বৈষম্য না থাকে।