ইত্তেফাক রিপোর্ট
সঞ্চয়পত্র বিক্রয়ের বিপরীতে কমিশনের নতুন হার নির্ধারণ করেছে সরকারের অর্থমন্ত্রণালয়। এখন থেকে এক নিবন্ধনে সঞ্চয়পত্র বিক্রি করলে সর্বোচ্চ ৫০০ টাকা বা শূন্য দশমিক ০৫ শতাংশ কমিশন পাবে বিক্রয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো। গত ১৬ সেপ্টেম্বর অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। আদেশে বলা হয়েছে, অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে পরিচালিত পাঁচটি সঞ্চয় স্কিম বিক্রির বিপরীতে কমিশনের হার হবে প্রতি ১০০ টাকায় ৫ পয়সা বা প্রতিটি নিবন্ধনের বিপরীতে ৫০০ টাকার মধ্যে যেটি কম। এর মানে এক নিবন্ধনে যত টাকার সঞ্চয়পত্রই বিক্রি হোক ৫০০ টাকার বেশি দেওয়া হবে না। বর্তমানে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক, পেনশনার ও পরিবার সঞ্চয়পত্র এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমে বিক্রি করা হয়। এর আগে প্রতি ১ লাখ টাকা সঞ্চয়পত্র বিক্রির বিপরীতে ৫০০ টাকা কমিশন দেওয়া হতো। এক নিবন্ধনে ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি করলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কমিশন পেত ২৫ হাজার টাকা। তবে নতুন নির্দেশনায় সেই সুবিধা থাকছে না। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখা, ব্যাংকের শাখা, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও ডাকঘর থেকে সঞ্চয়পত্র বিক্রি হয়। বর্তমানে অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমে সব অফিস থেকে একই পদ্ধতিতে সঞ্চয়পত্র বিক্রি ও সুদহার দেওয়া হয়।