চতুর্থ আন্তর্জাতিক জনগণের স্বাস্থ্য সম্মেলনে বক্তারা বলেছেন, ‘বিশ্বব্যাপী দ্রুত উন্নয়নের মডেল সৃষ্টি হলেও রাষ্ট্রীয় নীতি ও পরিকল্পনায় সংখ্যালঘু শ্রেণি ও আদিবাসীদের স্বার্থ ক্ষতিগ্রস্তসহ এসব জনগোষ্ঠীর স্বাস্থ্য উন্নয়নের বিষয়টি বাদ পড়ে যাচ্ছে। গতকাল শনিবার সাভারের খাগানে ব্র্যাক-সিডিএম সেন্টারে ৪র্থ আন্তর্জাতিক জনগণের স্বাস্থ্য সম্মেলন-২০১৮ এর ২য় দিনের মূল অধিবেশনে বক্তারা এসব কথা বলেন। এদিন ৫টি উপ-অধিবেশন এবং ৭টি বিষয়ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়। মূল অধিবেশনের বিষয় ছিল ‘স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস বা বিকশিত করার সামাজিক ও ভৌত শর্তসমূহ’। অধিবেশনে সভাপতিত্ব করেন পিএইচএম-এর সাবেক গ্লোবাল কো অর্ডিনেটর ড. রবি নারায়ণ। বক্তব্য রাখেন ফিলিস্তিন-এর স্বাস্থ্য আন্দোলন কর্মী সাথাহ ওদেহ, অস্ট্রেলিয়ার ফ্লাইন্ডারস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফ্রান বাউম এবং মানবাধিকার কর্মী শিরিন হক। অধিবেশনে বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ও অবনয়নের পেছনে সামাজিক ও ভৌত অবস্থার প্রভাব সম্পর্কে বক্তারা আলোকপাত করেন।
ফিলিস্তিনের জনগণের স্বাস্থ্য ব্যবস্থায় দুর্বল অভিগম্যতার উদাহরণ দিয়ে সাথাহ ওদেহ বলেন, জনগণের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে আর্থ-সামাজিক অবস্থার ভূমিকা ৪০ শতাংশ, বায়োলজিক্যাল ভূমিকা ১০ শতাংশ, ক্লিনিকাল প্রভাব ১০ এবং স্বাস্থ্য বিষয়ে সহযোগিতার ভূমিকা ৩০ শতাংশ। তিনি বলেন, ১৯৪৮ সাল থেকে ফিলিস্তিনের ওপর ইসরাইলের দখলদারিত্ব এবং অধিকৃত অঞ্চলে দেয়াল তুলে ফিলিস্তিনিদের অবরুদ্ধ করে রাখায় তাদের স্বাস্থ্য ব্যবস্থা মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। তিনি বলেন, ৪০ শতাংশেরও বেশি ফিলিস্তিনি রোগী ইসরাইলি নিরাপত্তা বাহিনী কর্তৃক নিরাপত্তা পারমিট না পাওয়ায় উন্নত চিকিত্সা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
শ্রেণি, বর্ণ এবং জাতপাতভিত্তিক সংখ্যালঘুদের স্বার্থে স্বাস্থ্য ব্যবস্থার পুনর্গঠন বিষয়ক উপ-অধিবেশনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভারতের স্বাস্থ্য আন্দোলন সংগঠন জনস্বাস্থ্য অভিযানের কো-অর্ডিনেটর এনবি সরোজিনি, বেনিন-এর স্বাস্থ্য আন্দোলন কর্মী প্যাকোম টোমেটিসি এবং বাংলাদেশের দলিত মানবাধিকার কর্মী তামান্না সিং বাড়াইক। এতে সভাপতিত্ব করেন আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন।
অধিবেশনে বক্তারা নারী প্রজনন স্বাস্থ্য বিষয়ে সারা পৃথিবীর চিত্র একই বলে মত দেন। তারা কোনো ব্যক্তিগত ঘটনা মোকাবিলার চেয়ে পুরো পদ্ধতির পরিবর্তনের জন্য সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।