সাড়ে সাত ঘণ্টা পর ঢাকার সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

পাঁচ সদস্যের তদন্ত কমিটি

বিশেষ প্রতিনিধি

টঙ্গীতে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে সাত ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সূবর্ণ এক্সপ্রেস বিকাল ৫টা ৫৫ মিনিটে টঙ্গী স্টেশনে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী জংশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা রাকিবুর রহমান ও টঙ্গী রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর মোহাম্মদ। তারা বলেন, সাড়ে সাত ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেলযোগাযোগ স্বাভাবিক হলো।  

গতকাল দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাদেকুর রহমান জানান, দুর্ঘটনার পর পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এর আগে চট্টগ্রাম থেকে একটি মালবাহী ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। সকাল ১০টার দিকে টঙ্গীর তিস্তার গেট এলাকায় পৌঁছালে মালবাহী ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রেললাইনে সব  ট্রেন চলাচল বন্ধ থাকে।