ইতালির হয়ে খেলবেন ইংলিশ ক্রিকেটার

স্পোর্টস রিপোর্টার

ইংল্যান্ডের হয়ে ২০১১ সালে অভিষেক হয়েছিল জেড ডার্নব্যাকের। দেশটির হয়ে ২৪ ওয়ানডে ও ৩৪ টি-২০ খেলেছেন এ পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ খেলেছেন ২০১৪ সালে। সাত বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ডার্নব্যাক। অবশেষে আবারও নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার সচলের সুযোগ পাচ্ছেন তিনি। ইউরোপের দেশ ইতালির হয়ে শুরু হবে তার ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস।

আগামী মাসে ২০২২ টি-২০ বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাই পর্বে ইতালির হয়ে খেলবেন ইংল্যান্ডের ৩৫ বছর বয়সি এ পেসার। গত কয়েক বছর ধরে কাউন্টিতেও নিয়মিত সুযোগ পাচ্ছেন না তিনি। সারের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে এ মৌসুমেই। ইংল্যান্ডে খেলার স্বপ্ন বাদ দিয়ে ইতালিতে পাড়ি জমালেন তিনি। মাতৃসূত্রে ইতালিতে খেলার অনুমতি পেয়েছেন ডানহাতি এ পেসার। তাকে রেখেই বিশ্বকাপ বাছাইয়ের দল দিয়েছে ইতালি। দলটির অধিনায়ক নর্দাম্পটনশায়ারের অলরাউন্ডার গ্যারেথ বার্গ। প্রধান কোচও তিনি। সহকারী কোচ সাবেক ইংলিশ ক্রিকেটার ওয়াইজ শাহ। আগামী ১৫-২১ অক্টোবর স্পেনে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।