বিশ্বকে শান্তির পথে নিতে সহায়তার আশ্বাস যুক্তরাষ্ট্রের

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছেন। স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক বৈঠকে এই আশ্বাস দেন। সোমবার সকালেই তিনি নিউ ইয়র্কে পৌঁছান। গতকাল মঙ্গলবার তার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা। তিনি কী ভাষণ দেবেন তা নিয়ে আলোচনা চলছে। প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবারের মতো সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন বাইডেন। খবর সিএনএনের

প্রেসিডেন্ট বাইডেন সমন্বিতভাবে বিশ্বকে শান্তি-সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার জন্য জাতিসংঘের মহাসচিবকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতা ও সমর্থনের  ব্যাপারে আশ্বাস দেন। সাক্ষাতের সময় সংক্ষিপ্ত বক্তৃতায় প্রেসিডেন্ট বাইডেন বলেন, বিশ্বের উন্নয়ন, শান্তি, নিরাপত্তার জন্য মহামারি করোনা ও জলবায়ুর পরিবর্তন বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি অনুযায়ী বিশ্বের পাশে থাকবে। প্রেসিডেন্ট বাইডেন বিশ্বসভায় দাঁড়িয়ে বক্তৃতা করতে যাচ্ছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ছিল ‘আমেরিকা ফার্স্ট’। এই নীতি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে এনে বিশ্বকে আবার নেতৃত্ব দেওয়ার কথা আগেই বাইডেন ঘোষণা দিয়েছিলেন। সাধারণ পরিষদে সে কথার পুনরাবৃত্তি করতে পারেন বাইডেন। হোয়াইট হাউজ থেকে আভাস দেওয়া হয়েছে যে, বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের আবার বিশ্বমঞ্চে ফিরে আসার কথা দৃঢ়তার সঙ্গে সাধারণ পরিষদে উচ্চারণ করবেন বাইডেন। প্রেসিডেন্ট বাইডেন সাধারণ পরিষদে যোগ দিয়ে বিশ্বনেতাদের মন জয় করার চেষ্টা করবেন।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, নানা বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের মতপার্থক্য থাকতেই পারে। আবার যুক্তরাষ্ট্রের ব্যাপারেও অন্যান্য দেশের এমন অবস্থান আছে। তবে শেষ পর্যন্ত বড় কথা হলো, এসব বিরোধ পাশে সরিয়ে রেখে বিশ্বের দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নতির উদ্যোগের কথাই প্রেসিডেন্ট বাইডেন জাতিসংঘে দেওয়া তার প্রথম বক্তৃতায় প্রাধান্য দেবেন।