প্রতারণা করে অর্থ আত্মসাতের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলকে ধানমন্ডি থানার মামলায় এক দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। তবে রাসেলের স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। গতকাল মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হক এ আদেশ দেন।
এর আগে গুলশান থানার মামলায় রাসেল ও শামীমাকে তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠায় আদালত। ঐ রিমান্ড শেষে গতকাল তাদের আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল হুদা এ দুই আসামিকে গ্রেফতার দেখানোর আবেদনসহ সাত দিনের রিমান্ডের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে শিহাবুল হোসেন সাজ্জাদ, তাপস কুমার পাল রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিদের পক্ষে এম মনিরুজ্জামান আসাদ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রাসেলের এক দিনের রিমান্ড এবং শামীমা নাসরিনের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
গত ১৭ সেপ্টেম্বর বিকালে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। এরপর তার বিরুদ্ধে ধানমন্ডি থানায় এ মামলা হয়।