অবৈধ সম্পদ অর্জনের মামলা

স্ত্রীসহ স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক গাড়িচালক মালেকের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

সাড়ে ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা দুই মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত গাড়িচালক আব্দুল মালেক ও তার স্ত্রী নার্গিস বেগমের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার কমিশনের নিয়মিত বৈঠকে তদন্ত কর্মকর্তার প্রতিবেদন যাচাই-বাছাই করে কমিশন ঐ চার্জশিট অনুমোদন দেয়। শিগিগরই বিচারিক আদালতে দুদকের তদন্ত কর্মকর্তা ও সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম চার্জশিট দাখিল করবেন বলে দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক জানিয়েছেন।

উল্লেখ্য, মালেক দম্পতির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি পৃথক দুটি মামলা দায়ের করে দুদক। ঐ দুই মামলাতেই তাদের চার্জশিট অনুমোদন করল কমিশন। দুদকের তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, অনুমোদিত চার্জশিটে মালেকের বিরুদ্ধে ৯৩ লাখ ৫৩ হাজার ৬৪৮ টাকার সম্পদের তথ্য গোপন এবং ১ কোটি ৫০ লাখ ৩১ হাজার ৮১০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ মোট ২ কোটি ৪৩ লাখ ৮৫ হাজার ৫৫৮ টাকার সম্পদ পাওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে।

অপর মামলায় আব্দুল মালেক ও তার স্ত্রী নার্গিস বেগমকে আসামি করা হয়। এ মামলায় নার্গিস বেগমের ২ কোটি ১২ লাখ ৩৫ হাজার ৪৩১ টাকার সম্পদের তথ্য উল্লেখ করা হয়, যার বিপরীতে বৈধ উত্স পাওয়া যায় ১ কোটি ১ লাখ ৪৩ হাজার ৩৮২ টাকা। অবশিষ্ট ১ কোটি ১০ লাখ ৯২ হাজার ৫০০ টাকার সম্পদ অবৈধ উপায়ে অর্জিত। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭(১) এবং দণ্ডবিধি ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।