তালেবানকে স্বীকৃতি দিতে তাড়াহুড়ো নয় :পাকিস্তান

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বলেন, তালেবান সরকারকে স্বীকৃতি দিতে তাড়াহুড়ো করবে না তার দেশ। তিনি বলেন, তালেবান যদি যুদ্ধবিধ্বস্ত দেশে শান্তি ফিরিয়ে আনতে স্বীকৃতি চায় তাহলে তাদেরকে আন্তর্জাতিক মতামত ও নিয়ম-নীতির ওপর গুরুত্ব দিতে হবে। খবর ডনের

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে যাওয়া পররাষ্ট্রমন্ত্রী কোরেশি নিউ ইয়র্কে বলেন, আফগানিস্তানে তালেবানকে স্বীকৃতি দেওয়ার আগে অনেক দেশই তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, আমার মনে হয়, কোনো দেশই তালেবানকে স্বীকৃতি দিতে তাড়াহুড়ো করছে না। কারণ সবাই তাদের ওপর চোখ রাখছে। তাই তালেবানকে স্বীকৃতি  পেতে হলে আন্তর্জাতিক মতামতকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তান চায় আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা। তাই আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের ওপর গুরুত্ব দিচ্ছে পাকিস্তান। শাহ মাহমুদ কোরেশি বলেন, তাদের প্রাথমিক বক্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, তারা এগুলোর বিরোধী নয়, সামনে দেখা যাক। তালেবান আফগান নারীদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং কাজে যোগ দিতে দেবে বলে আশা প্রকাশ করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রসহ যেসব দেশ ও প্রতিষ্ঠান আফগান সরকারের সম্পদ জব্দ রেখেছে সেগুলো দ্রুত ছাড় করে দেওয়ার আহ্বান জানান শাহ মাহমুদ কোরেশি।